Logo
table-post
মোল্লাহাটে আধিপত্যের দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ: বিএনপি কর্মী নিহত, আহত অন্তত ৪০
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ নিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আজিজুর রহমান চৌধুরী (৪০) নামে এক বিএনপি কর্মী।


শনিবার সন্ধ্যায় সিংগাতী এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে এবং এতে নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হন।

নিহত আজিজুর রহমান চৌধুরী উপজেলার সিংগাতী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা এরশাদ চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিএনপির মাসুম চৌধুরী ও এরশাদ চৌধুরী গ্রুপের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এই বিরোধই শনিবারের সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে ৩০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজিজুর রহমান চৌধুরীর মৃত্যু ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে।

এই সংঘর্ষকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বিএনপির অভ্যন্তরে এই ধরণের সহিংসতা দলীয় ঐক্যে বড় ধরনের আঘাত হানছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

@bagerhat24.com