Logo
table-post
বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটিতে আনার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে বাগেরহাটের চারটি আসনই আগের মতো বহাল থাকছে।

বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ইসির গেজেট বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত ১০ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে। শুনানিতে ইসির পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এছাড়া গাজীপুর-৬ আসনের প্রার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বদরুদ্দোজা বাদল, মুস্তাফিজুর রহমান খান ও বেলায়েত হোসেন।

রিট আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন।

দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

  • বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট

  • বাগেরহাট-২: সদর ও কচুয়া

  • বাগেরহাট-৩: রামপাল ও মোংলা

  • বাগেরহাট-৪: মোরেলগঞ্জ ও শরণখোলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ইসির চূড়ান্ত গেজেটে এই চার আসন থেকে বাগেরহাট-৪ বাদ দিয়ে গাজীপুর-৬ আসন যুক্ত করা হয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান মালিক সমিতি এবং ২০১৮ সালে বাগেরহাট-১ এর বিএনপি মনোনীত প্রার্থী মো. শেখ মাসুদ রানা।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত ১৬ সেপ্টেম্বর রুল জারি করেন এবং পরবর্তীতে ১০ নভেম্বর রায় দেন।

পরে সেই রায়ের বিরুদ্ধে ইসি এবং গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. সালাহ উদ্দিন সরকার আপিল বিভাগে আবেদন করেন, যা আজ খারিজ হলো।

 

@bagerhat24.com