অবশেষে স্বস্তি! বাগেরহাট কারাগার থেকে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
দীর্ঘ তিন মাসেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন বাগেরহাট কারাগারে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা এসব জেলেকে আটক করে। পরে তাদের মংলা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারামুক্তির সময় উপস্থিত ছিলেন খুলনায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার চন্দ্রজিন মুখার্জি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সেলিম এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) রাশেদুল ইসলাম রানা।
বাগেরহাট কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে এবং কূটনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে ভারতীয় জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশের জলসীমা থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোস্টগার্ডের কাছে এসব জেলেকে বুঝিয়ে দেওয়া হবে।
