Logo
table-post
ভোটে হাত দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি: বাগেরহাটে জামায়াত আমিরের তীব্র বক্তব্য
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

ভোটাধিকার হরণ চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কেউ যদি ছলচাতুরী বা ভয়ভীতি দেখিয়ে মানুষের ভোট ছিনিয়ে নিতে চায়, তাহলে জনগণই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অতীতের মতো আর একতরফা ভোটের সংস্কৃতি চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় দশক ধরে ভোটের নামে প্রহসন চলেছে। এখন সময় এসেছে সেই সংস্কৃতি বদলে দেওয়ার। যার ভোট, সেই ভোট দেবে—এটাই গণতন্ত্র। নিজের ভোটের পাশাপাশি অন্যের ভোটের নিরাপত্তা নিশ্চিত করাও নাগরিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে উত্তরাধিকার নির্ভরতার সমালোচনা করে জামায়াত আমির বলেন, শুধু বংশ পরিচয়ের কারণে কেউ শাসক হবে—এই ধারা তারা পরিবর্তন করতে চান। দেশ পরিচালনার দায়িত্ব পাবে যোগ্য ও সৎ নেতৃত্ব।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। এতে আরও বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা। একই সঙ্গে বাগেরহাটের চারটি আসনের জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এই জেলার রয়েছে বিপুল সম্ভাবনা, কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত। সুযোগ পেলে পিছিয়ে পড়া এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হবে। উন্নয়নে কোনো এলাকা দলীয় পরিচয়ে বঞ্চিত হবে না বলেও আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্রনীতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে কোনো আধিপত্য মেনে নেবে না। প্রতিবেশীদের সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। প্রথম ভোট গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং দ্বিতীয় ভোট ন্যায় ও ইনসাফের প্রতীকে দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশের শেষ পর্যায়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে জনসভা শেষ করেন জামায়াতে ইসলামীর আমির।

@bagerhat24.com