Logo
table-post
বাগেরহাটে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির ডাক, বিজয় নিশ্চিত করতে জনসভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খুলনা–বাগেরহাট মহাসড়কের মেঘনিতলা বাজার এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলোম মোল্লা।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাগেরহাট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। জনগণ আজ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে। ভয়ভীতি, ষড়যন্ত্র কিংবা ধর্মের অপব্যবহার করে এই গণজাগরণ থামানো যাবে না।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য খাঁন মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা এবং জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার।

এ সময় ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

@bagerhat24.com