Logo
table-post
নাগেরবাজারে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী শামীম গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে তার স্ত্রী ও শাশুড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন মেজর আশরাফ জামান ও লেফটেন্যান্ট জারিফ। অভিযানের সময় শামীম হোসেন (৩৮), তার স্ত্রী মোসাঃ আদরী এবং শাশুড়ি মোসাঃ মমতাজ বেগমকে আটক করা হয়।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, গ্রেপ্তারকৃত শামীমের বসতবাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা, প্রায় ৫০০ গ্রাম গাঁজা, বিপুল পরিমাণ মাদক সেবনের উপকরণ, ৭টি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ লাখ ৬০ হাজার ১০৮ টাকা নগদ, ৫টি মোবাইল ফোন, ৮টি সিসি ক্যামেরা, একটি হার্ডডিস্ক, ৩টি পরিচয়পত্র, ২০টি লাইটার, ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ এবং একটি খুর।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, শামীম হোসেনের বিরুদ্ধে বাগেরহাট থানায় একটি হত্যা মামলাসহ মোট দুইটি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং নাগেরবাজার এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, যৌথ বাহিনীর এই অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার চলায় যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছিল এবং সামাজিক অবক্ষয় ভয়াবহ আকার ধারণ করেছিল।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, এই অভিযানের মাধ্যমে নাগেরবাজার এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে। তবে তারা আশঙ্কা প্রকাশ করেন, অনেক সময় গ্রেপ্তার হওয়া অপরাধীরা জামিনে মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ কারণে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও স্থায়ী নজরদারি জোরদারের দাবি জানান তারা।

@bagerhat24.com