দোয়া মাহফিল ও দলবদল: মোল্লাহাটে বিএনপিতে যোগ দিলেন চেয়ারম্যান সাইকুল আলম
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাট উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন উক্ত ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের (মোল্লাহাট–ফকিরহাট–চিতলমারী) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।
ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করতে সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, “বিএনপি জনগণের দল। এই দলে নতুন নতুন মানুষের যোগদান প্রমাণ করে জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে। সকলকে সঙ্গে নিয়ে আমরা মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে চাই।”
প্রধান বক্তা শেখ হাফিজুর রহমান তার বক্তব্যে ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলমকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়। পরে সাইকুল আলম ওই আহ্বানে সাড়া দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সভাপতি এস এম সাইকুল আলম প্রধান অতিথি কপিল কৃষ্ণ মন্ডলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এতে উপস্থিত হাজারো নারী-পুরুষ করতালি ও স্লোগানের মাধ্যমে তাদের সমর্থন জানান।
বিশেষ বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজ তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিএনপিতে যোগদান প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
