মোংলায় নির্বাচনী জনসভায় জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
মোংলায় জামায়াতে ইসলামীর ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের বিএনপির ধানরে শীষ প্রতিকের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে বরন করেন।
বুধবার বিকেলে (৪ ফেব্রুয়ারি) উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের ৩০ জন নেতা-কর্মী বিএনপির জনসভায় যোগ দেন। এ সময় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জামায়াত নেতা-কর্মীদের সাদরে গ্রহণ করেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।
জামায়াতের রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে দলকে আরো বেগবানে ভূমিকা রাখবেন।
সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন। এসময় বিএনপির উপজেলা, পৌরসভা,ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
