জলবায়ু পরিবর্তনের হুমকিতে জনস্বাস্থ্য: বাগেরহাটে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাগেরহাটে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও পানিদূষণের কারণে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ নানা রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. ম. মো: মাহবুবুল আলম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডা. অসীম কুমার সমদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যখাতে অভিযোজনমূলক কার্যক্রম গ্রহণ করা জরুরি। তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শেখ রিয়াদুজ জামান। তিনি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিভিন্ন পরিসংখ্যান ও গবেষণাভিত্তিক তথ্য তুলে ধরেন এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি গড়ে তুলতে পারলে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার (টিবি) মো. শামীম রেজা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার তন্ময় সাহা, পিপি অফিসার (টিবি) নূরু আলম এবং মাঠকর্মী রাব্বি আহম্মেদ।
