ভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: বাগেরহাটের ৪ আসনে ৪০৯ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সিসিটিভিতে নজরদারি ও কঠোর আইনশৃঙ্খলা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের মূল্যায়নে জেলার মোট ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্রকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ২২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। বাকি ১৩৮টি কেন্দ্রকে সাধারণ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলার সব ভোট কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং সেগুলো সক্রিয় রয়েছে।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে তিনজন সশস্ত্র থাকবেন। পাশাপাশি পুলিশ সদস্যরাও মোতায়েন থাকবেন।
তিনি আরও বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাবের সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। পুরো নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্রের প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় এসেছে। এতে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
