Logo
table-post
কচুয়ায় উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে নামলেন এম এ এইচ সেলিম, জনসভায় ঘোড়া মার্কায় ভোট চাইলেন
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম কচুয়ায় এক বিশাল নির্বাচনী জনসভা করেছেন।

শনিবার বিকেলে কচুয়া উপজেলা সদরের কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ এইচ সেলিম বলেন, কচুয়া তাঁর জন্মভূমি এবং এখানকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি জানান, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব সাক্ষী কচুয়ার সাধারণ মানুষ। এবারও জনগণের সমর্থন পেলে কচুয়াসহ পুরো বাগেরহাট জেলাকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য অঞ্চলে রূপান্তর করতে তিনি নিরলসভাবে কাজ করবেন। এ সময় তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

জনসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নুরুল আমিন শিকদার। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বাসুদেব মুন্সী খোকন, শেখ শহিদুল ইসলাম, আব্দুল মান্নান মোল্লা, মো. জুয়েল শেখ জিয়াসহ আরও অনেকে। বক্তারা এম এ এইচ সেলিমকে একজন সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন।

তারা বলেন, অতীতেও তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। আসন্ন নির্বাচনে তাঁকে ‘ঘোড়া’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। জনসভায় কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

@bagerhat24.com