Logo
table-post
স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবিত মেডিকেল প্রকল্পে দুর্বৃত্তদের আগুন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট শহরের স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি স্পিড বোর্ড ও আশপাশের কয়েকটি গাছ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণ দিয়ে এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স জানান, বাগেরহাটবাসীর জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ার স্বপ্ন ছিল তাদের। আগে জমি নির্ধারণও করা হয়েছিল। স্টেডিয়াম এলাকার ওই স্থানে আগে একটি স্থানীয় পত্রিকার অফিস ছিল, সেখানে দুটি সেমিপাকা ঘর ও সামনে একটি স্পিড বোর্ড রাখা ছিল। আগুনে বোর্ডটি ও বেশকিছু গাছ ক্ষতিগ্রস্ত হলেও বড় দুটি টিনশেড ঘর অল্পের জন্য রক্ষা পেয়েছে।

তিনি অভিযোগ করেন, ২ ফেব্রুয়ারি থেকে তাদের নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ তার। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবারটি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

@bagerhat24.com