Logo
table-post
মোল্লাহাটে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী গণমিছিল
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি

মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় উপজেলার দেড় বোয়ালিয়া এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে মোল্লাহাট বাজার ঘুরে পুনরায় শুরুর স্থলে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ এসেছে। তারা সকল ভোটারকে ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।


উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ হাসমত আলী সরদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোঃ ইউনুছ আলী। তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। জনগণ এবার দাড়ি-পাল্লা প্রতীককে বিজয়ী করে সেই প্রমাণ দেবে।”

বাগেরহাট-১ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যাপক মোফাজ্জেল হায়দার বলেন, “এই আসনে জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে পরিবর্তনের হাওয়া বইছে। নিরপেক্ষ ভোট হলে ইনশাআল্লাহ দাড়ি-পাল্লার বিজয় নিশ্চিত।”

এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট এনসিপির প্রধান নেওয়াজ মোর্শেদ, খেলাফত মজলিসের মোল্লাহাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান এবং এনসিপি সমন্বয়ক খায়রুল আলম দুঃখু। বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় গণমিছিলে জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

@bagerhat24.com