ভোররাতে বাগেরহাটে ভয়াবহ আগুন: পুরোনো শীত কাপড় মার্কেট পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোনো শীত কাপড় মার্কেটের ১৫টি দোকান ও একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত পুরোনো শীত কাপড়ের এই মার্কেটে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারসহ ১৫টি পুরোনো কাপড়ের দোকানের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ সামনে রেখে অনেক ব্যবসায়ী নতুন পণ্য মজুদ করছিলেন, পাশাপাশি দোকানে নগদ অর্থও ছিল বলে জানান তারা।
আগুনে ক্ষতিগ্রস্ত হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম মালিক জাহিদ চাকলাদার বলেন, দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা প্রতিষ্ঠানটি এক মুহূর্তে শেষ হয়ে গেছে। আগুনে আমাদের সব যন্ত্রপাতি ও কাগজপত্র পুড়ে গেছে।
একইভাবে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী লিটু খান জানান, ঋণ করে ব্যবসা শুরু করেছিলেন তিনি। ঈদের প্রস্তুতির জন্য দোকানে পণ্য ও নগদ টাকা রাখা ছিল, আগুনে সব শেষ হয়ে গেছে।
এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
