বাগেরহাটে ভোটকেন্দ্রকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৯
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা গ্রামে সংঘর্ষের ফলে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে জামায়াতের সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ ১৫ জন এবং বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জন রয়েছে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
একই সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় এলাকায় দেশীয় অস্ত্রসহ নাহিদ নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। তার কাছ থেকে রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়াও হাড়িখালী কাঠের পোল এলাকার ফার্নিচারের দোকান থেকে ছয়টি হাসুয়া, তিনটি করাত, তিনটি চাকু, একটি বড় হাতুড়ি ও সাতটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ বলেন, আসন্ন নির্বাচনের সময় নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ সুপার হাসান চৌধুরী জানান, কেউ কোনো ধরনের অপরাধের চেষ্টা করলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, "শরণখোলায় ছোটখাটো সংঘর্ষ হয়েছে, তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।"
