Logo
table-post
মোংলায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম, বাড়িতে লুটপাট
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে এক দিনমজুর ও তার ছেলেকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে জখম করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। ১৯ ফেব্রæয়ারি বুধবার রাতে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব পাড়া গোলদার বাড়ি এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা কেবল বাবা-ছেলেকে আহত করেই ক্ষান্ত হয়নি, তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রæয়ারি রাতে মিঠাখালী ১নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার বাসিন্দা দিনমজুর রেজাউল গোলদার নাসরুল্লাহর মুদি দোকানের উত্তর পাশের ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতিবেশী হুমায়ুন গোলদারের নেতৃত্বে বাদশা গোলদার, বায়েজিদ গোলদার, আকবর গোলদার, বাবুল গোলদার ও রাজিব গোলদার, বাবু গেলাদার, দিদার গোলদার, শের আলী গোলদার সহ ১৫ থেকে ১৮ জনের একটি সংঘবদ্ধ দল এ হামলায় অংশ নেয়।

হামলাকারীরা দাও, চাইনিজ কুড়াল,শাবল, লোহার রড, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে রেজাউল গোলদারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাবার আর্তচিৎকার শুনে তার ছেলে জোবায়ের বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা বাবা ও ছেলেকে মাটিতে ফেলে তাদের দুই পায়ে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।

এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মৌসুমী ইয়াসমিন জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং দুজনের শরীরে প্রায় ২২টির মতো সেলাই দিতে হয়েছে। বর্তমানে তারা যন্ত্রণায় কাতরাচ্ছেন।

আহতদের স্বজনরা জানান, আমাদের বাড়িতে লোকজন খবই কম, হামলার খবর শুনে যখন পরিবারের লোকজন আহত রেজাউল ও জোবায়েরকে উদ্ধারে ব্যস্ত ছিল, সেই সুযোগে অভিযুক্ত সন্ত্রাসীরা তাদের বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার শিকার রেজাউল গোলদারের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে মোংলা থানায় একটি এজাহার দাখিল করেছেন। এজাহারে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

বাদী মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা পরিকল্পিতভাবে আমার ভাই ও ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমরা গরিব মানুষ, দিনমজুরি করে খাই। আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রæত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান জানান, অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলমান। 

@bagerhat24.com