মিথ্যা অভিযোগের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার বাসিন্দা বাবুল শেখ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বাবুল শেখ বলেন, সম্প্রতি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় হামলা, ভাঙচুর ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে তার নাম প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন তিনি কিংবা তার ছেলে কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এমনকি সংশ্লিষ্ট স্থানটি তাদের ব্যক্তিগতভাবে পরিচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। উক্ত ঘটনায় তার বা তার পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জোর দাবি করেন বাবুল শেখ।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলমান একটি জমিজমা বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তার স্ত্রীর মালিকানাধীন ২৮ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রায় ১৭ বছর আগে ধ্রুব বিশ্বাস (পিতা– কালা চাঁদ বিশ্বাস)-কে সরল বিশ্বাসে জমি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্যবসায়িক কারণে দীর্ঘ সময় এলাকার বাইরে থাকায় তিনি নিয়মিত তদারকি করতে পারেননি।
এই সুযোগে প্রতিপক্ষ মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ সাজিয়ে তাকে আসামি করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টার অভিযোগও তোলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং যারা অপপ্রচার চালিয়েছে ও মিথ্যা অভিযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
