বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমকে হাসপাতালে দেখতে ছুটে গেলেন এমপি রাহাদ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে হাসপাতালে যান বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। রবিবার সকালে তিনি বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল-এ গিয়ে চিকিৎসাধীন সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালের ৫০১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন দৈনিক বাংলাদেশের আলো-এর সাংবাদিক ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পর থেকে সেখানেই তার চিকিৎসা চলছে।
হাসপাতালে অবস্থানকালে সংসদ সদস্য রাহাদ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সে বিষয়ে নির্দেশনা দেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থোপেডিক বিভাগের সার্জন ডা. ফিরোজুল ইসলাম জানান, দুর্ঘটনায় মাসুম হাওলাদারের বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে গেছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের ফতেপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুম হাওলাদার ও চ্যানেল আই-এর বাগেরহাট প্রতিনিধি আল আমিন খান সুমন গুরুতর আহত হন।
স্থানীয় সাংবাদিক মহলে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে আহতদের জন্য।
