Logo
table-post
কচুয়ায় কৃষি অফিসের পরিত্যক্ত ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ড
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলায় অবস্থিত উপজেলা কৃষি অফিসের একটি পুরোনো ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নীরবতা ভেঙে ভবনের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর কচুয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নেভানোর প্রায় আট ঘণ্টা পর একই ভবনে পুনরায় আগুন জ্বলে ওঠে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরবর্তীতে আবারও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করেন।

অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে থাকা পাঁচটি পরিত্যক্ত মোটরসাইকেল, দুটি পাওয়ার টিলার এবং বিভিন্ন দপ্তরের পুরোনো গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত সামগ্রীর মধ্যে উপজেলা কৃষি অফিস ছাড়াও এলজিইডি ও শিক্ষা অফিসের সংরক্ষিত মালামাল ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। পাশাপাশি আগুন আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রোধ করা সম্ভব হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

@bagerhat24.com