বাগেরহাটের কৃতি সন্তান আলী হোসেন ফকির এখন দেশের নতুন আইজিপি
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে নতুন নেতৃত্ব এসেছে। বাগেরহাটের কৃতি সন্তান মো. আলী হোসেন ফকিরকে দেশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর পুলিশ-১ শাখা। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।
পুলিশ ক্যাডারের ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকির কর্মজীবনে নানা চড়াই-উতরাই পার করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি প্রথমে চাকরিচ্যুত হন এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনর্বহাল হন। প্রথমে এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পান এবং পরে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার নিয়োগকে বাগেরহাটবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন।
