রামপালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় রামপালে বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার (৫ মার্চ) উপজেলার ফয়লাহাট বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রি না করা এবং মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে চাল, ডাল, তেল, সবজি ও মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি জানান, পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হয়ে ন্যায্যমূল্যে পণ্য কেনার আহ্বান জানান।
