মোল্লাহাটে সার–কীটনাশক বিক্রিতে প্রশাসনের অভিযান, জরিমানা
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাট উপজেলায় সার ও কীটনাশক বিক্রিতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার ৬ নং কোদালিয়া ইউনিয়নের ডিলার এস এম মোস্তাফিজুর রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার ও কৃষি সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে বৈধ ও অবৈধ অনেক সার–কীটনাশক বিক্রেতা নড়েচড়ে বসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারের অনুমোদনবিহীন, ভেজাল ও নিষিদ্ধ কোম্পানির সার–কীটনাশক বিক্রির অভিযোগ উঠে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
খুলনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম আসাদ জানান, ভেজাল ও নিম্নমানের সার ব্যবহারে মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, কৃষকের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
