Logo
table-post
ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি করলেন ছাত্রদল নেতা হাবিবুল্লাহ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। তিনি দাবি করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

ভুক্তভোগী নেতা বাগেরহাট সদর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর ২৭৭, তারিখ ৫ মার্চ ২০২৬।

ভুয়া আইডি থেকে অপপ্রচারের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কয়েকজন দুষ্কৃতিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগ রয়েছে, তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে কিছু অসাধু ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে একটি তুচ্ছ ও ভিত্তিহীন ঘটনাকে কেন্দ্র করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা

স্থানীয়রা জানান, হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব দীর্ঘদিন ধরে বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একটি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করছেন।

এছাড়া এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

কুচক্রী মহলের বিরুদ্ধে অভিযোগ

ভুক্তভোগী ছাত্রদল নেতা দাবি করেন, এলাকায় সক্রিয় কিছু কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী চক্র তার এসব কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছে না। তাদের একটি অংশ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

@bagerhat24.com