Logo
table-post
মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, হামলা–ভাঙচুরের অভিযোগ; আহত ৪
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
 মোল্লাহাটে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ঘোষগাতী বড়ঘাট এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হেদায়েত শেখ ও বাবুল মোল্লার নেতৃত্বে পৃথক দুটি পক্ষ দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।


বাবুল মোল্লার পক্ষের ভ্যানচালক তরিকুল মোল্লা (৩৮) জানান, বুধবার ইফতারের আগে বড়ঘাট সমিলের কাছে তাকে অকারণে দেখে নেওয়ার হুমকি দেয় হেদায়েত শেখের পক্ষের হাসিব শেখ (২৩)। বিষয়টি নিয়ে ওই রাতেই উত্তেজনা সৃষ্টি হলেও পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।


বাবুল মোল্লা অভিযোগ করে বলেন, “বুধবার রাতেই বিষয়টি মীমাংসা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হেদায়েত শেখের নেতৃত্বে ৭০–৮০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। আমি কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচি। পরে আমার লোকজন প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।”


অন্যদিকে হেদায়েত শেখ পাল্টা অভিযোগ করে বলেন, “ভোর সাড়ে ৬টার দিকে বাবুল মোল্লা ও তার পক্ষের লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর, তছনছ ও লুটপাট করে। এছাড়া আমার পক্ষের আরও কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।”


তিনি আরও জানান, এ ঘটনায় তাদের পক্ষের চারজন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে দুজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


আহতরা হলেন—নোয়াবালী মোল্লা (৭০), আশরাফ আলী শেখ (৭৫), কায়েম শেখ (৬২) ও বাদল মোল্লা (২৬)।


মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

@bagerhat24.com