ঈদের ছুটিতে ফাঁকা ছাত্রীনিবাসে গণচুরি, নিরাপত্তা নিয়ে ক্ষোভ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে ঈদের ছুটিকে কেন্দ্র করে ফাঁকা পড়ে থাকা একটি ছাত্রীনিবাসে সংঘটিত হয়েছে পরিকল্পিত গণচুরির ঘটনা। শহরের মুণিগঞ্জ এলাকায় অবস্থিত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস্)-এর আবাসিক ভবনে চোরের দল প্রবেশ করে একাধিক কক্ষ ভেঙে মূল্যবান মালামাল নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, চারতলা বিশিষ্ট এই ছাত্রীনিবাসের অন্তত ১৫টি কক্ষের তালা ভাঙা হয়েছে। প্রতিটি কক্ষের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে জিনিসপত্র, যা থেকে চুরির ব্যাপকতা স্পষ্ট।
ছাত্রীনিবাসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থী নাইমা ইসলাম জানান, ঈদের ছুটিতে অধিকাংশ ছাত্রী বাড়িতে চলে যাওয়ায় ভবনটি প্রায় খালি ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা নিচতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ধারাবাহিকভাবে বিভিন্ন কক্ষে চুরি চালায়।
তার দাবি, চোরেরা নগদ অর্থ, স্বর্ণালংকার, জামাকাপড়, ইলেকট্রনিক ডিভাইস, টেলিভিশন ও ইন্টারনেট রাউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। দূরে অবস্থান করেই তিনি ফোনে এ ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।
অন্যদিকে, আবাসিক ছাত্র তন্ময় দাস জয় ও অন্তর শীল জানান, চুরির ঘটনা একদিনে সীমাবদ্ধ ছিল না। প্রথম দিন নিচতলার কয়েকটি কক্ষে চুরি হয়, এরপর পরদিন আবার অন্য তলায় ঢুকে একই ধরনের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে জনবল সংকট রয়েছে এবং রাতে কোনো নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন না। এই নিরাপত্তা ঘাটতির সুযোগ নিয়েই চোরের দল বারবার ভবনে প্রবেশ করতে পেরেছে।
তারা দ্রুত নিরাপত্তা জোরদার এবং স্থায়ী পাহারার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢুকে কক্ষগুলোতে চুরি চালায়। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
