Logo
table-post
কচুয়ায় র‍্যাবের বড়সড় অভিযান: ৬৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় র‍্যাব-৬ এর এক সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মুঞ্জারুল শিকদার (৪২), যার বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার চালিতাখালী গ্রামে।

রবিবার (২২ মার্চ ২০২৬) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার এলাকায় ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলাম।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-০৬৬২) থামানো হয়। এসময় গাড়ি তল্লাশি করে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মুঞ্জারুল শিকদারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে উপকূলীয় জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া এই চালানটি পিরোজপুর জেলার চালিতাখালী গ্রামের এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জব্দ করা গাঁজার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে। এ ঘটনায় র‍্যাব-৬ এর ডিএডি কুদ্দুছ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

@bagerhat24.com