সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিল কোস্ট গার্ড, উদ্ধার মালামাল
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর অস্তানায় অভিযান চালিয়ে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। বনদস্যুর কাউকে গ্রেফতার করতে না পারলেও বাহিনীর প্রধানের আস্তানা ধ্বংস করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যাবহৃত বিভিন্ন মালামাল। সোমবার ৩০ মার্চ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের মোংলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্য আসে কোস্ট গার্ডের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ৩০ মার্চ সোমবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ১টি আন্তানা দেখতে পেয়ে সেখানে অভিযান চালায়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল বনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ডাকাতের অবস্থান করা আস্তানা ধ্বংস করে দেয়া হয় এবং ওই এলাকায় তল্লাশী চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেঃ খালিদ সাইফুল্লাহ জানান, সুন্দরবনকে দদ্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।
