বাগেরহাটে সানসেড নির্মাণ ঘিরে উত্তেজনা: প্রতিবাদ করায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে একটি ভবনের সানসেড নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের জমি বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম। এ বিষয়ে রবিবার (৫ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, তার প্রতিবেশী লিটন কুমার মিস্ত্রী, তার স্ত্রী সীমা রানী দে এবং ভাই বিপুল মিস্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায়, তার দাবি—প্রতিবেশীরা অবৈধভাবে তার গেটের উপর এবং ছাদের নিচে সানসেড নির্মাণের চেষ্টা করেন।
তিনি বলেন, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে নির্মিত তিনতলা ভবনে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। পূর্ববর্তী মালিকানার জটিলতা ও একটি বিতর্কিত ডিক্রি নিয়েও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলার কার্যকারিতা আদালত স্থগিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সিরাজুল ইসলামের অভিযোগ, তিনি নির্মাণকাজে বাধা দিলে তার উপর হামলার চেষ্টা করা হয়, যার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে তিনি স্থানীয়দের সহযোগিতা চাইলেও কাঙ্ক্ষিত সাড়া পাননি।
পরবর্তীতে তিনি ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হন এবং এডিএম কোর্ট ও পৌরসভায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে পৌরসভা থেকে অভিযুক্তদের কাছে একটি নোটিশ পাঠানো হয়, যেখানে সানসেড নির্মাণের কারণ জানতে চাওয়া হয় এবং তা নিজ খরচে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশ অমান্য করে অভিযুক্তরা উল্টো তার উপর হামলা চালায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং অপর পক্ষও পাল্টা অভিযোগ করেছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু পক্ষ বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, যথাযথ কাগজপত্র যাচাই করে আদালত বা প্রশাসন নিরপেক্ষ বিচার করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে।
এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
