Logo
table-post
২৪ দিন ধরে তালাবদ্ধ সরকারি দপ্তর! ভান্ডারিয়ায় সেবা বন্ধে চরম ভোগান্তি
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম প্রায় এক মাস ধরে সম্পূর্ণ স্থবির হয়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার অবসরের পর থেকেই দপ্তরটি তালাবদ্ধ থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার গত ১২ মার্চ এলপিআর (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট)-এ যান। তার অবসরের পরদিন থেকেই অফিসে আর কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত না থাকায় দপ্তরটি বন্ধ হয়ে পড়ে। ফলে সেবা নিতে আসা মানুষ প্রতিদিনই তালাবদ্ধ অফিস দেখে ফিরে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় দুই বছর ধরে ওই কর্মকর্তা একাই পুরো দপ্তরের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অফিসে অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী না থাকায় দীর্ঘদিন ধরেই জনবল সংকট ছিল। দপ্তরে প্রধান কর্মকর্তাসহ অফিস সহকারী, প্রশিক্ষক এবং এমএলএস পদসহ মোট পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার জানান, ভান্ডারিয়া দপ্তরে শুধুমাত্র প্রধান কর্মকর্তা কর্মরত ছিলেন। তিনি অবসরে যাওয়ার পর পুরো কার্যক্রম থেমে গেছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা অফিস থেকে অস্থায়ীভাবে একজন অফিস সহকারীকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

এদিকে ভান্ডারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উজ্জল হালদার বলেন, জনবল সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে নতুন করে জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত জনবল নিয়োগ দিয়ে সেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা।

@bagerhat24.com