Logo
table-post
শরণখোলায় মর্মান্তিক ঘটনা: অষ্টম শ্রেণির শিক্ষার্থীর কীটনাশকপানে মৃত্যু, এলাকায় শোকের ছায়া
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

শরণখোলা উপজেলায় এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘিরে এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কীটনাশক পান করার পর অসুস্থ হয়ে পড়া ওই কিশোরীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর নাম দীপ্তি শিকদার (১৩)। তিনি উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা রবীন শিকদারের মেয়ে এবং স্থানীয় আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে দীপ্তি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, প্রেমসংক্রান্ত একটি বিষয় প্রকাশ পাওয়ায় কিশোরী মানসিকভাবে চাপে পড়ে যায়। সেই আতঙ্ক থেকেই সে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে।

এ বিষয়ে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে।

@bagerhat24.com