Logo
table-post
খুলনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার
01/01/1970 12:00:00

নকীব মিজানুর রহমান
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সুজন সরকার (২৮) কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। 

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় একটি বাজারের ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ে জানা গেছে, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

@bagerhat24.com