মোল্লাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১/২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সমৃদ্ধির লক্ষ্যে তিল, মুগ ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তিল চাষে ১৫০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। মুগ চাষে ৩০০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া আউশ ধান চাষে ১০০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি খাতে বিভিন্ন প্রণোদনা ও সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। সঠিকভাবে বীজ ও সার ব্যবহার করে বেশি ফলন নিশ্চিত করতে হবে। এতে কৃষকের আর্থিক উন্নয়ন যেমন হবে, তেমনি দেশও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “প্রদত্ত প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের সচেতন থাকতে হবে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চলতে হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
