মোংলায় মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলা পৌর শহরে মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন বড় পুকুরপাড় (নতুন কলোনি) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া নারী হলেন কবরস্থান রোড বড় পুকুরপাড় রাতারাতি কলোনির বাসিন্দা লুতফর কাজীর স্ত্রী হাছিনা বেগম (৫০)। এ সময় তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল কবরস্থান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বড় পুকুরপাড় সংলগ্ন নিজ বাড়ির সামনের ইটের রাস্তা থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, আটক হাছিনা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মোংলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
