Logo
table-post
মোল্লাহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
 মোল্লাহাট উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হেমায়েত উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যানবিদ আবু তাহের।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।” তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং বলেন, “হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। সরকারের এই ক্যাম্পেইন সফল করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি নির্ধারিত লক্ষ্য অর্জনে স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, এ ক্যাম্পেইনের আওতায় মোল্লাহাট উপজেলায় মোট ১,৬৫০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

@bagerhat24.com