ফকিরহাটে ছুরিকাঘাতে ছিনতাই, জনতার হাতে আটক দুই
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে এক কাঁচামাল ব্যবসায়ীকে এলোপাতারি ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করেছে। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত জয়জুট মিলের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুত্বর জখম কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার কাঁচামাল ব্যবসায়ী আ: রাজ্জাকের ছেলে। আ: রাজ্জাক তিনিও ছিনতাইকারীদের হামলায় সামান্য আহত হয়েছেন।
আটককৃতরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মো: মিজানুর রহমান শেখ (সুমন) (৩৬), তিনি বর্তমানে মোল্লাহাটের বুড়িগাংনী এলাকায় বসবাস করেন। অপরজন হলেন রামপালের চাকুশ্রী এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে, কাঁচামাল ব্যবসায়ী আ: রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে খুলনা পাইকারী আড়তে কাঁচামাল ক্রয়ের জন্য যাচ্ছিলেন।
এসময় তারা ফকিরহাটের শ্যামবাগাত জয় জুট মিলের সামনে পৌছালে পিছন থেকে দুটি মটরসাইকেলে ৩/৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। এসময় ধারালো ছুরির ভয় দেখিয়ে বাবা-ছেলের কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে ছেলে আকবর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ছুরিকাঘাত করে তাদের কাছে থাকায় ৪৫হাজার টাকা ছিনতাই করে।
এদিকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দু’জনকে টেনে ধরে। এতে মটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী নিচে পড়ে যায়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের দু’জনকে আটক করে।
পরে তাদের গণধোলায় দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করে। ছিনতাইয়ের সাথে জড়িত অন্যরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার হলেও এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরির্দশক (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক মিজানুর রহমান শেখ ও মেহেদী হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এঘটনায় থানায় ১টি মামলা দায়েরের প্রস্তৃতি চলছে।
