Logo
table-post
রামপালের ভাগা বাজারে তাণ্ডবের প্রতিবাদে রাস্তায় ব্যবসায়ীরা, দোষীদের দ্রুত শাস্তির জোর দাবি
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপাল উপজেলার ভাগা বাজারে সাম্প্রতিক ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে ভাগা চৌরাস্তা মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত দোকান মালিক, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত রবিবার রাতে সংঘটিত হামলায় বাজারের বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়, যা ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলে দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, ঘটনার পরও অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান খোলা নিয়ে শঙ্কায় রয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আকবর হোসেন আকো এবং স্থানীয় শিক্ষাবিদ সাইদুর রহমানসহ আরও অনেকে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে “লুটপাট বন্ধ করো”, “রামপালে সন্ত্রাসের ঠাঁই নেই” এবং “ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করো”—এর মতো স্লোগান দেখা যায়। কর্মসূচিতে নারী অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

মানববন্ধনে প্রায় ৭ থেকে ৮টি গ্রামের দুই হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানান। কর্মসূচি শেষে ব্যবসায়ীরা তাদের দাবিগুলো প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা জানিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত হিসেবে যাঁর নাম উঠে এসেছে, সেই হাফিজুর রহমান তুহিন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাকে জড়ানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, গত রবিবার রাতে ভাগা বাজারে সংঘটিত ওই সহিংস ঘটনায় বিএনপি অফিসে ভাঙচুর, নেতাকর্মীদের ছবি নষ্ট করা এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

@bagerhat24.com