দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর, খুলছে কর্মসংস্থানের নতুন দ্বার
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন পরিচালিত প্রতিষ্ঠান “জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)” এবং “বেশরগাতি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI)” এর মধ্যে দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে।
এই চুক্তির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। BeSTI কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অর্থ বিভাগের যুগ্ম সচিব এবং জেনারেল ম্যানেজার (প্রশাসন ও অর্থ) [অতিরিক্ত দায়িত্ব] ড. এ.কে.এম. আতিকুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (NHRDF) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সাবেক সচিব মোঃ তৌহিদুর রহমান।
এ সময় সাধারণ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণ খাতের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রয়োজন। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। NHRDF ও BeSTI’র যৌথ উদ্যোগ দেশের বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি তৈরি এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আরও জানান, ভবিষ্যতে বিভিন্ন খাতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের যুবসমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
