Logo
table-post
বাগেরহাটে পারিবারিক দ্বন্দ্বের ভয়াবহ পরিণতি: মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট পৌর এলাকার বাসাবাটি মহল্লায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক তরুণ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আম্মার শেখ (১৯) স্থানীয় বাসিন্দা তাসলিম মাহমুদের ছেলে। এ ঘটনায় তার মামাতো ভাই আলী আব্দুল্লাহকে (২৩) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে তিনি ও আম্মার শেখ বাড়ির দোতলার একটি কক্ষে বিশ্রাম নিতে যান। পরে গভীর রাতে টাকা-পয়সা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলী আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে আম্মার শেখের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আম্মারের মায়ের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আহত অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্বজনরা অভিযুক্তকে আটক করে রাখেন। পরে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

@bagerhat24.com