Logo
table-post
রামপালে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপেও জমি দখলমুক্ত হয়নি ! আ.লীগ নেতা পার্থ বেপরোয়া
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালে সাবেক আ.লীগ নেতা পার্থ প্রতিম বিশ্বাসের বিরুদ্ধে বিপুল পরিমাণ জমি জবরদখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। প্রতিমন্ত্রীর নির্দেশনার পরও জমি ফিরে পাচ্ছেন না ভুক্তভোগী মুরারি মোহন দেবনাথ। তিনি জমি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

 ভুক্তভোগী মুরারী মোহন দেবনাথ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বরাবর লিখিত অভিযোগে জানান, উপজেলার হুড়কা গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বিশ্বাস জোরপূর্বক প্রায় ৯.৬০ একর জমি জবরদখলে নেয়। এর মধ্যে দেড় একর জমি বুঝে পেলেও বাকি জমি দীর্ঘ ১৫ বছর জবরদখলে রেখেছে। এঘটনার প্রতিকার চেয়ে প্রতিমন্ত্রী বরাবর আবেদন করেন ভুক্তভোগী মুরারি।  তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জমির মালিকানায় নির্ধারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ডেকে উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করেন। তিনি দ্রুত পার্থকে জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দিলেও পার্থ জমি বুঝিয়া দেয়নি। বরং ওই আ.লীগ নেতা (বর্তমানে পার্থ একটি ইসলামপন্থী দলের হিন্দু শাখার নেতা) জমি বুঝে না দিয়ে বিভিন্ন প্রকার মামলা মকদ্দমা করে হয়রানির করে আসছে।

ভুক্তভোগী মুরারি মোহন দেবনাথ আরো জানান, রামপাল উপজেলাধীন হড়কা মৌজায় মোট ৮ টি খতিয়ান থেকে সর্বমোট ৯.৬০ একর জমি ক্রয় করেন। যার মধ্যে আনুমানিক দেড় একর সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছেন। বাকি সম্পত্তি সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে একটি রাজনৈতিক দলের হিন্দু শাখায় পরিচয় দানকারি নেতা পার্থ প্রতিম বিশ্বাস প্রায় ১৫ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে। এমনকি কোনো প্রকার হারির (লিজ) হিসাবেও কোনো টাকা পরিশোধ করেনি সে। বিগত সময়ের আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে স্বেচ্ছাচারিতায় যা খুশি তাই করেছে ওই পার্থ। এমন কি বাদীর ফসলীয় জমিতে অবৈধ মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে জমির শ্রেণী পরিবর্তন করেছে। এতে মুরারি মোহনের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে এ বিষয়ে রামপাল সদর জামায়াতের সেক্রেটারি শেরওয়ান শেখ শালিস বৈঠক করে জমি ছেড়ে দিতে বললেও পার্থ জমি ছাড়েনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নির্দেশনা উপেক্ষা করে জমির দখল ছাড়বে না বলে সাফ জানিয়ে দেয়। এমন কি ওই জমিতে কেউ গেলে তাকেও দেখে নেওয়ার হুমকি দেয়। বিগত সময় আওয়ামী লীগের দাপট দেখিয়ে আসা পার্থ এখনো স্বমহিমায় দাপটের সাথে রয়েছে। তার দাপটের নেপথ্যে নাকি সেই ইসলামপন্থী এক নেতার প্রচ্ছন্ন হাত রয়েছে। 

এবিষয়ে অভিযুক্ত পার্থ প্রতিম বিশ্বাস জানায়, মুরারি মোহন সম্পত্তি পাবেন, কিন্তু যতটুকু দাবী করছেন ততটা পাবেন না। তবে যতটুকু পাবেন সেটুকুও কেনো দিচ্ছে না ? জানতে চাইলে সে কোনো জবাব দিতে পারেনি।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী জানান, তাকে ডাকা হলে সে জমি বুঝিয়ে দিবে মর্মে সময় চেয়ে পরবর্তীতে পার্থ আর হাজির হয়নি।
 

@bagerhat24.com