ফকিরহাটে পুকুরে ডুবে শিশুকন্যার মৃত্যু
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে মারিয়া খাতুন (৮) নামের দ্বিতীয় শ্রেণির একজন স্কুল ছাত্রীর করুন মৃত্যু হয়েছে। উপজেলা বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারিয়া খাতুন রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের রেজাউল শেখের মেয়ে। নিহতের স্বজনরা জানান, মারিয়া খাতুন গত ৫দিন আগে তার মামা রাকিবুল ইসলাম শেখের বাড়ি বেতাগার মাসকাটা গ্রামে বেড়াতে আসে।
রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে সকলের অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: আমিন উদ্দিন জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। #
