ঠাকুরানী খাল পরিষ্কারে মাঠে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলা পৌর শহরের ঐতিহ্যবাহী ও প্রধান ঠাকুরানী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণােয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আজ (বুধবার) সকালে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা অপসারণের মধ্য দিয়ে এ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী নিজেই খালের পাড়ে নেমে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে হাত মিলিয়ে আবর্জনা পরিষ্কার করেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন ঠাকুরানী খালটি মোংলা পৌর শহরের প্রাণ। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পলি জমে এটি তার নাব্য হারাচ্ছিল, যা শহরের ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমরা কেবল মুখে সচেতনতার কথা না বলে নিজেরা মাঠে নেমে কাজ করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
তিনি আরও বলেন মোংলাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পৌর শহর হিসেবে গড়ে তুলতে হলে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। খালে বা নালায় ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা আমাদের পরিহার করতে হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর কর্তৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।
