Logo
table-post
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি বাণিজ্যের অভিযোগে সুজন ইসলাম
01/01/1970 12:00:00

রামপাল সংবাদদাতা 
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সেপ্টি এন্ড স্টোর ম্যানেজার সুজন ইসলামের বিরুদ্ধ গুরুতর অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ব্যাবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরসহ দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগ দায়ের করেছেন। 

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা জানিয়েছেন, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতির প্রদান করে আসছেন আউটসোর্সিং এর কর্মচারী সেফটি ও স্টোর ম্যানেজার সুজন ইসলাম। তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো হলো, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, ঘুষ বাণিজ্য, ভুয়া হাজিরা তৈরি, শ্রমিকদের জিম্মি করে সুবিধা আদায়, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা। বিতর্কিত আউটসোর্সিং কর্মচারী সুজন ইসলামের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেতিবাচক হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে তিনি এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সঙ্গে তার বিশেষ সখ্যতা ও প্রভাব থাকায় একের পর এক অভিযোগ উঠলেও তিনি সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। 

রামপাল উপজেলার মানিকনগরের বাসিন্দা ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক কর্মী মো. মামুন অভিযোগ করেন, চাকরিতে পুনর্বহালের কথা বলে তার কাছ থেকে ৬৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে পুনরায় চাকরিতে নেওয়া হয়নি এবং টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে ঘুরানো ও চাপ প্রয়োগ করা হয় বলে দাবি করেন। মামুন আরও অভিযোগ করেন, সুজন ইসলামের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তার কিছু ঘনিষ্ঠ সহযোগী ও সন্ত্রাসী বাহিনীর সদস্যদের মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও দাবি করেন এই ভুক্তভোগী। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টিও তিনি রামপাল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন। তার দাবি, এসব হুমকির কারণে তিনি ও তার পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে, রাজনগরের বাসিন্দা ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক কর্মী আসাদুজ্জামানও একই ধরনের অভিযোগ এনে রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিয়ে তার কাছ থেকেও ৪৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি মোতাবেক চাকুরী না দিয়ে যোগাযোগ বন্ধ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু এই দুই ব্যক্তি নন, রামপাল ও মোংলা এলাকার আরও বহু মানুষ মৌখিকভাবে সুজন ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছেন। অভিযোগ রয়েছে, ঘুষের বিনিময়ে তিনি বাইরের বহু লোককে বিদ্যুৎ কেন্দ্রে চাকরিতে ঢুকিয়েছেন। যারা নিয়মিত তাকে নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকেন, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়। অন্যদিকে যারা এসব সুবিধা দিতে অপারগতা প্রকাশ করেন, তাদের বিভিন্নভাবে চাপে রাখা, হয়রানি করা এবং চাকরির নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, সুজন ইসলাম নিজের প্রভাব খাটিয়ে এমন কিছু লোকের হাজিরা নিয়মিত উত্তোলন করেন যারা অনেক সময় ডিউটিতেই উপস্থিত থাকেন না। যেহেতু হাজিরা শিট তার নিয়ন্ত্রণে থাকে, তাই এই ভুয়া হাজিরার মাধ্যমে বেতন উত্তোলন করে সেখান থেকে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাদের দাবি, এই অনিয়মের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ কর্মীদের বিভিন্ন সময়ে নানা অজুহাতে চাপের মধ্যে ফেলে ব্যক্তিগত সুবিধা আদায় করা, চাকরি টিকিয়ে রাখার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকেই বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া, সুজন তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে প্ল্যান্টের ভেতরে ও আশেপাশে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা। কেউ প্রতিবাদ করলে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা।

স্থানীয় শ্রমিকদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। কেউ মুখ খুললেই চাকরি হারানোর ভয় দেখানো হয়। ফলে ভিতরে ভিতরে ক্ষোভ বাড়লেও প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না অধিকাংশ কর্মী।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ফোনে কথা হলে সুজন ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট চাকুরী করি। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অসত্য। তাকে প্রশ্ন করা হয়, তাপবিদ্যুৎ কেন্দ্রে শতশত লোক কাজ করেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে না, আপনার বিরুদ্ধে কেন এত অভিযোগ? উত্তরে তিনি বলেন অনেক লোক এখানে কাজ করেন। ২/১ জন সংক্ষুব্ধ হতেই পারেন।

এমন অভিযোগের বিষয়ে কথা হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত জিএম (অপারেশন) আহসান হাবিব এর সাথে। তিনি বলেন, সুজন আউটসোর্সিং এর কর্মচারী। তার ডিপার্টমেন্ট তার বিষয়ে তথ্য দিতে পারবেন।

 

@bagerhat24.com