ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
ভারতে প্রায় পাঁচ মাস কারাভোগের পর অবশেষে দেশে ফিরেছেন ৯১ জন বাংলাদেশি জেলে। বাগেরহাটের মোংলা দিগরাজ কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের ফিরে পেয়ে জেলে পরিবারগুলোর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার ৮ জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। মোংলা দিগরাজ কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন কমান্ডার শাহ্ কামরুজ্জামান, এনডি, পিএসসি, বিএন, অধিনায়ক (বিসিজিএস কামরুজ্জামান জাহাজ)
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় কোস্ট গার্ড ৪ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন ২০২৬ (রবিবার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আই এম বি এল) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হতে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে।
পরবর্তীতে আজ ৮ জুন (সোমবার) সকাল ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।
ফিরে আসা কয়েকজন জেলে আবেগপ্লুত হয়ে বলেন, "আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আর কোনোদিন পরিবারের কাছে ফিরতে পারব। ভারতের জেলখানায় দিনগুলো খুব কষ্টে কেটেছে। সরকারকে সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে ধন্যবাদ আমাদের ফিরিয়ে আনার জন্য।উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায়।
