Logo
table-post
মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ২ মাসের কারাদণ্ড
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা
মোংলায় জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল্লাহ সরদার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ জুন ) মোংলার কাইনমারী এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ সরদার মোংলার সাতঘরিয়া এলাকার আহমেদ সরদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার কাইনমারী এলাকায় আব্দুল্লাহর শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির জন্য মজুদ রাখা প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে আটককৃত আসামিকে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় আব্দুল্লাহকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেন। জব্দ করা মাদক  আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান ও সাজার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সাজা প্রদানের পর আইনানুগ প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ সরদারকে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

@bagerhat24.com