Logo
table-post
বাগেরহাটে ৪০১৫ ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

ফকিরহাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ ২৬টি মামলার আসামি মনির শেখ এবং তার আরও তিন সহযোগীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জেলার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাপদার অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে মনির শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিমকে (২০) আটক করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির অভিযোগে নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া মনির শেখের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং আরও একটি মামলা বর্তমানে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাগেরহাটে মাদক নির্মূলে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সাত দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

 

@bagerhat24.com