রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল, টাকা-স্বর্ণ লুটের অভিযোগ
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলায় এক কলেজপড়ুয়া তরুণীকে ব্ল্যাকমেইল করে শ্লীলতাহানি এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে মো. হাফিজুর রহমান (৪০) দীর্ঘদিন ধরে ইজিবাইকে করে ওই তরুণীকে কলেজে আনা-নেওয়া করতেন। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি রাতে তার বাবা মাছের ঘেরে চলে যাওয়ার পর বাড়িতে তিনি একা ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করেন। একপর্যায়ে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিজেকে রক্ষার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন বলে দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তি ঘরে থাকা এক জোড়া স্বর্ণের কানের দুল এবং গচ্ছিত নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে চলে যান। যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, আত্মসাৎ করা স্বর্ণের কানের দুল রামপাল সদর এলাকার একটি জুয়েলার্স প্রতিষ্ঠানে দুই দফায় মোট ৩৫ হাজার টাকায় বন্ধক রাখা হয়েছে। তাদের মতে, এ সংক্রান্ত তথ্য-প্রমাণও পাওয়া গেছে।
তবে অভিযুক্ত মো. হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কানের দুলটি অন্য এক নারীর মাধ্যমে তার কাছে দেওয়া হয়েছিল এবং তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।
এদিকে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
