ডেপুটি স্পিকারের মন্তব্যে বাগেরহাটে নতুন আলোচনা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে বাগেরহাট প্রয়োজনীয় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাঁর ভাষ্য, অতীতের শাসনামলে জেলার প্রত্যাশিত অগ্রগতি হয়নি এবং উন্নয়নের ক্ষেত্রে বাগেরহাটকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
শুক্রবার (১৭ জুলাই) রাতে বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আঞ্চলিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
কায়সার কামাল বলেন, দীর্ঘ সময় ধরে গোপালগঞ্জের নেতৃত্ব বাগেরহাটের প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করলেও জেলার মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন বাস্তবায়িত হয়নি। বর্তমান সময়ে বাগেরহাটের অবকাঠামো, যোগাযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধিরা নীতিনির্ধারণের দায়িত্ব পালন করেন, আর সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। উভয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাগেরহাটসহ দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া সভায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মাদ জাকির হোসেন, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলী, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজন অংশ নেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম খুলনা-মোংলা মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সড়কটি দ্রুত প্রশস্ত করা প্রয়োজন। একই সঙ্গে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং খানজাহান আলী বিমানবন্দর চালুর ওপরও গুরুত্বারোপ করেন, যাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়।
পরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন কায়সার কামাল। এর আগে তিনি সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষকদলের প্রয়াত সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর আড়পাড়া গ্রামে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেগুলোরও বিচার হবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৯ জুন রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলে ফকিরহাট যাওয়ার পথে নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় কৃষকদল নেতা বাদল মোড়ল নিহত হন। পরদিন জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
