Logo
table-post
মোরেলগঞ্জে একটি রাস্তার অভাবে শিক্ষার্থীসহ হাজারো মানুষের দুর্ভোগ
01/01/1970 12:00:00

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের একটি কর্দমাক্ত খানা খন্দে ভরা রাস্তার কারনে শিক্ষার্থীসহ হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। অথচ রাস্তাটি সংস্কার কিংবা নির্মানে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

  সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবগাছিয়া গ্রামের এ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। ইট সলিংয়ের রাস্তা হলেও এখন আর ইট নেই। আছে শুধু খানা খন্দ। এ ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন  ২০৭ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪২নং বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯ নং উত্তর বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সহ বিভিন্ন  স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী  শিক্ষার্থী  যাতায়াত করে। প্রায়ই অনেক শিক্ষার্থী এ রাস্তায় চালাচলের সময় পা পিছলে পড়ে কর্দমাক্ত হয়, ভিজে যায়। যার কারনে তাদেরকে পুনরায় বাড়ি ফিরে যেতে হয়। এলাকার শত শত জনসাধারণও একই ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে যানবাহনসহ জনসাধারণের চলাচলের উপায় থাকেনা। এ রাস্তা দিয়ে প্রতিদিন বলইবুনিয়া, বুরুজবাড়িয়া, শহীদ মার্কেট, পুটিখালী, জোকা, দৈবজ্ঞহাটী বাজারে যেতে প্রায় ১০টি গ্রামের মানুষের দুর্ভোগে পোহাতে হয়। স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে ২টি ভোট কেন্দ্রও রয়েছে।

শিক্ষার্থী  নাঈম ইসলাম, ইয়াসিন শেখ, জেরিন আক্তার, আয়শা সিদ্দিকা জানায়, ঝুঁকিপূর্ণতার কারেন বৃষ্টির সময় তাদের ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয়। অতিরিক্ত বৃষ্টির সময় অভিভাবকরা তাদের শিশু সন্তানদের বিদ্যালয় পাঠাতে চাননা।  ২০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময়  দুর্ঘটনায় শিকার হয়। তাছাড়া স্কুলে আসার পথে বই খাতা ভিজে চরম দুর্ভোগে পড়ে তারা।কেউ অসুস্থ হয়ে পড়লে  চিকিৎসা নিতে যাওয়া দুষ্কর হয়ে পড়ে।

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, এ রাস্তাটি দৈন্যদশা সম্পর্কে অবহিত আছেন। সরকারি বরাদ্দের প্রেক্ষিতে রাস্তার নির্মান কিংবা সংস্কার করা হব। এলাকাবাসী গুরুত্ব বিবেচনায় এ রাস্তাটি কার্পেটিং রাস্তা নির্মানের জন্য বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছেন।
 

@bagerhat24.com