বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর ২ লাখ টাকা ছিনতাই
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানের সেলস অফিসারের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ অভিযোগ অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় ব্যক্তি সেলস অফিসার সানি জাবির বাঁধনের পথরোধ করেন। পরে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করে সঙ্গে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
স্থানীয় বিকাশ পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, বৃহস্পতিবার সকালে অফিস থেকে সেলস অফিসার সানি জাবির বাঁধন একটি ব্যাগে করে নগদ তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশে রওনা হন।
পথে ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি তার গতিরোধ করেন। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ব্যাগে থাকা টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, বিকাশের স্থানীয় পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগও গ্রহণ করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।
