Logo
table-post
মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি

মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮) নামে আপন দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।


পরিবার ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি মাছের ঘেরে দাদী নাছিমা বেগমের সাথে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের পানি থেকে উদ্ধার করেন।


পরে দ্রুত তাদের চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

দুই চাচাতো বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

 

@bagerhat24.com